কতদিন আমি আকাশ দেখিনি, দেখিনি ভোরের সূর্যটাকে। কতদিন আমি শুনিনি গল্প, চাদরমুড়ি শীতের ফাঁকে। কতদিন হয়নি কথা, স্কুলের ওই লাস্ট বেঞ্চে। কতদিন রাত জাগিনি, মেসেজ গুলোও ওঠেনি জেগে। কতদিন জ্বলেনি আলো, ক্লান্ত দেহ আর মনের ভিড়ে। কতকাল হয়নি দেখা, তোমার সাথে, এক নিবিড়ে। কতদিন বৃষ্টি নামেনি। নামেনি তোমার শরীর ভিজে। কতদিন মাটির গন্ধ, পথ হারাইনি তোমার খোঁজে। কতদিন চিলেকোঠা হয়নি দেখা, হয়নি দেখা বিকেলটাকে। কতদিন রাস্তা গুলো তোমায় ছাড়াই একলা হাঁটে। কতদিন হাতছানি গুলো বাড়ায় যে হাত, ধরিনি তাও। কতরাত নীরব রাস্তা, অঝোর কান্না, দাঁড়াইনি তাও। কতদূর শুধু হেটেই গেছি, সুখের খোঁজে। পিছুটান ফেলে। কতদিন আমের আচার একলা পড়ে, ফাঁকা দোলনা নিজেই দোলে। কতদিন সূর্য ডোবেনি, তেপান্তরের মাঠের পারে, কতদিন সন্ধ্যগুলো তোমায় ছাড়াই গল্প করে। কতদিন নদীর জলে তোমার শব্দ শুনিনি আমি, কতদিন করিনি বারণ, তোমার আদর, সে পাগলামি। কতদিন একলা আমি, একলা জেগে একলাই রয়ে যায়, কতযুগ জানিনা যে আর, এভাবেই রোজ দিন কেটে যায়।